গাজায় জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
বিপর্যস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (২৩ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে এই সহায়তা হস্তান্তর করে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
মিশর-ফিলিস্তিন সীমান্ত দিয়ে ফিলিস্তিনি জনগণের জন্য এ মানবিক সহায়তা বহন করবে ইজিপ্টএয়ার।
মানবিক সহায়তার মধ্যে শুকনো কেক, বিস্কুট, জরুরী চিকিৎসা সামগ্রী, মহিলা ও শিশুদের জন্য স্যানিটারি আইটেমসহ শুকনো খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত আছে। চালানের প্রথম ধাপে ৫৮৭ কেজি ত্রাণ সামগ্রী ছিল যা ইজিপ্ট এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মিশরের কায়রোতে পাঠানো হয়েছিল। কায়রোতে বাংলাদেশ দূতাবাস বর্তমান সহায়তা বিতরণের ব্যবস্থার অধীনে মিশরীয় এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।
পররাষ্ট্রমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে এই সংকটের মুহূর্তে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।
তিনি রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মানবিক সহায়তা পাঠানোর কাজে মিশরের সহযোগিতার জন্য ঢাকায় মিশরীয় দূতাবাস এবং ইজিপ্ট এয়ারওয়েজকে ধন্যবাদ জানান ড. এ কে আব্দুল মোমেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্যালেস্টাইনের জন্য দৃঢ় ও অবিচল সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও গাজার জনগণের পাশে প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে