Views Bangladesh Logo

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে করে আমগুলো ভারতের আগরতলা স্থলবন্দরে পাঠানো হয়। পরে কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থলবন্দর সূত্র জানায়, প্রতিবছর বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সৌহার্দ্যের নিদর্শন হিসেবে আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা সরকারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়ে থাকে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, উপহারের আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং সম্পন্ন করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমগুলো বিতরণ করা হবে।

বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে শুভেচ্ছা উপহার বিনিময়ের অংশ হিসেবে প্রতিবছর মৌসুমি ফল আদান-প্রদানের এ ঐতিহ্য বজায় রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ