নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দেশে ত্রাণসামগ্রী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহষ্পতিবার এক তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়ে বলা হয়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে-তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগ প্রভৃতি।
এর আগে নেপালে প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন খলিলুর রহমান। এসময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ সংহতির কথা জানান।
এদিকে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানিয়েছে, বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় এখনও কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এখনও স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা কর্মী এবং পর্যটকসহ মোট ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১২৭ জন নেপালি এবং ৫১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ৬৪৪ জন পর্যটক রয়েছেন। এ ছাড়াও নিখোঁজদের তালিকায় রয়েছেন ৪৪ জন নেপালি সেনাবাহিনী, ২৮ জন পুলিশ কর্মী এবং নেপালের আর্মড পুলিশ ফোর্সের ১৩ জন সদস্য।
মতামত দিন