রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ‘বিশেষ অনুমতি’ চাইল বাংলাদেশ
বাংলাদেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।
বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে অস্থায়ী ছাড় দিয়েছে। বাংলাদেশও একই ধরনের সুযোগ পেতে আগ্রহী। বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের ছাড় পেলে দেশের অর্থনীতির জন্য তা সহায়ক হবে। তবে যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেবে, তা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে।
বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি, বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা এবং বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও বৈঠকে উঠে এসেছে।
অর্থমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো বাণিজ্য চুক্তি বিষয়ে বৈঠকে নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য চুক্তি দুই দেশের বিষয়, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘস্থায়ী যা-ই হোক না কেন, সব ধরনের পরিস্থিতি মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে