এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চায় বাংলাদেশ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে জাতিসংঘ সাধারণ পরিষদে স্পেনের সমর্থন চেয়েছে বাংলাদেশ।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করলে এ আহ্বান জানানো হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং এলডিসি-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রচেষ্টার পক্ষে মাদ্রিদের সমর্থন কামনা করেন।তিনি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও ধারাবাহিক মনোযোগ এবং সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন।
স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের গুরুত্বের ওপর জোর দেন, যা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।
দুই দেশ পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, রেল যোগাযোগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত পরামর্শ বৈঠক আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে