Views Bangladesh Logo

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন।

রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সমর্থন কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার অংশীদারিত্ব ক্রমেই বিস্তৃত হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী ২০২৬–২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন কামনা করেন। এ সময় দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ