Views Bangladesh Logo

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নরওয়ের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি দেশটির সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। স্থানীয় সরকার নির্বাচন, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সাক্ষাৎকালে মন্ত্রী এসব বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বাড়ানো, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তার বিষয় গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি জ্ঞান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় সরকার পরিচালনা ও ব্যবস্থাপনায় নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানোর সুযোগ নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সরকার খাতের উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ও কারিগরি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতে বাংলাদেশ-নরওয়ে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহের বিষয়টি উঠে আসে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ