Views Bangladesh Logo

হালাল শিল্প পার্ক প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ দ্রুত বর্ধনশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের জন্য মালয়েশিয়ার সহায়তা চেয়েছে। মঙ্গলবার কুয়ালালামপুরের একটি হোটেলে দেশটির হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি বলেন, 'চলুন, এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমরা এগিয়ে যাই।'

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (১৩ আগষ্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম)-এর মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এইচডিসি)-এর সিইও হাইরোল আরিফাইন সাহারি।

বৈঠকে কর্মকর্তারা জানান, বর্তমানে বৈশ্বিক হালাল বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করা হচ্ছে। মালয়েশিয়ার নেতৃত্বে অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক কার্যক্রম করছে। এছাড়াও প্রধান প্রতিযোগী দেশ হিসেবে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ হালাল অবকাঠামো ও সনদ প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা রাখে। বর্তমানে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন একমাত্র হালাল সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, যা এখন পর্যন্ত ১২৪টি প্রতিষ্ঠানকে সনদ প্রদান করেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়াকে বাংলাদেশের হালাল পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় চাহিদা চিহ্নিত করতে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, 'মিলেমিশে কাজ করে আমরা হালাল শিল্পের রূপরেখা তৈরি করতে পারি। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই হালাল সার্টিফাইড পণ্য রপ্তানিতে আগ্রহী।'

ড. ইউনূস বৈঠকটিকে শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে বলেন, 'ধন্যবাদ আপনারা যে জ্ঞান শেয়ার করেছেন– এটি যেন হালাল পণ্যের ওপর একটি ক্লাসের মতো।'

সিরাজুদ্দিন বিন সুহাইমি জানান, শিগগিরই মালয়েশিয়া একটি দল পাঠাবে, যা বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ