সবুজ শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইলো বাংলাদেশ
স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সবুজ শিল্প গড়ে তুলতে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য দাম ও বাণিজ্যসহায়ক নীতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বিশ্বনেতাদের সামনে এ দাবি তুলে ধরেন।
বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সবুজ শিল্পবিষয়ক এক অধিবেশনে তিনি এ কথা বলেন।
অধিবেশনে সাইমুম পারভেজ বলেন, স্বল্পোন্নত দেশ হয়েও বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, সবুজ শিল্পায়ন বাস্তবে সম্ভব। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের তৈরি পোশাক খাতে ‘লিড’ (এলইইডি) সনদ পাওয়া কারখানার সংখ্যা ২৯০টির বেশি। এটি বিশ্বে সর্বোচ্চ। এর মধ্যে ১২০টিরও বেশি কারখানা সর্বোচ্চ প্লাটিনাম রেটিং অর্জন করেছে।
তিনি জানান, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ১০০টি সবুজ কারখানার অর্ধেকেরও বেশি বাংলাদেশে। সনদপ্রাপ্ত পোশাক কারখানাগুলোর মধ্যে বিশ্বে সর্বোচ্চ স্কোরধারী কারখানাটিও দেশেই অবস্থিত। এ ছাড়া শিল্পকারখানার ছাদে ৬০০ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে উঠেছে। এর বড় অংশই পোশাক ও বস্ত্র কারখানায়।
এসব অর্জনের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘একটি স্বল্পোন্নত দেশ, সেই দেশের উদ্যোক্তা এবং চার লাখ শ্রমিক—যাঁদের বেশির ভাগই নারী—এসব অর্জন সম্ভব করেছেন। এটি প্রমাণ করে, সবুজ শিল্পায়ন কেবল ধনী দেশগুলোর জন্য কোনো বিশেষ সুযোগ নয়।’
সাইমুম পারভেজ জানান, এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সরকার নবায়নযোগ্য জ্বালানি কৌশল বাস্তবায়ন করছে। কৌশল অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আনার লক্ষ্য রয়েছে। ২০৪০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও আছে।
তাঁর ভাষ্য, সৌরবিদ্যুৎ সরঞ্জামে শুল্ক ও কর তুলে নিয়েছে সরকার, কম খরচে অর্থায়নের সুযোগ করে দিয়েছে এবং ছাদে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির ক্ষেত্রে ন্যায্য দাম নিশ্চিত করেছে। পাশাপাশি দেশে জাতীয় কার্বন বাজার গড়ে তোলা হচ্ছে। ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধারের উদ্যোগও চলছে।
তৈরি পোশাককে দেশের প্রবৃদ্ধির প্রথম সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘পাট থেকে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত, সবুজ শিল্পই আমাদের প্রবৃদ্ধির পরবর্তী গল্প লিখবে।’
আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, উচ্চ পরিবেশগত মান বজায় রাখা কারখানাকে ন্যায্য দাম ও স্থিতিশীল ক্রয়াদেশ দিতে হবে। সবুজ রূপান্তরের ব্যয়ের একটি অংশও তাদের বহন করা উচিত।
উন্নত দেশগুলো নিজেদের বাজারে নতুন পরিবেশগত মানদণ্ড চালু করলে উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট সময় ও সহায়তা দেওয়ার অনুরোধ জানান তিনি। তাঁর কথায়, ‘যাতে এসব মানদণ্ড উন্নয়নশীল দেশের জন্য বাধা না হয়ে নতুন সুযোগ তৈরি করে।’ ২০২৯ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। তাই বিষয়টি দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অর্ধশতাংশেরও কম বলে জানান সাইমুম পারভেজ। তবু দেশটি উদাহরণ তৈরির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিতে চায়।
বক্তব্যের শেষে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এই উদ্যোগে বিনিয়োগ করুন। কর্মসংস্থান, মর্যাদা ও প্রবৃদ্ধিনির্ভর সবুজ শিল্পের ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ আপনাদের প্রস্তুত অংশীদার।’
মতামত দিন