Views Bangladesh Logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা জরুরি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির মানবকেন্দ্রিক, দায়িত্বশীল এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এআরএফের আওতায় একটি কার্যকর প্রযুক্তি শাসন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আন্তর্জাতিক আইন ও বিদ্যমান বৈশ্বিক বিধিবিধান অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্বারোপ করেন।

এবারের ৩৩তম এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রযুক্তি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতবিনিময় হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ