Views Bangladesh Logo

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিলো বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সব হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, বিশ্বকাপে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এবারও বাছাইপর্বের বাধা পেরোতে হবে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি হতে যাচ্ছে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেওয়া।

বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। এর মধ্যে বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সবার আগে মূলপর্ব নিশ্চিত করে আফগানিস্তান। এরপর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থান ও বাকি ম্যাচগুলোর হিসাব মিলিয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার বিষয়টিও নিশ্চিত হয়ে যায়। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো মূলপর্বে জায়গা পাবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় তাদের জন্য আলাদা কোটা রয়েছে। দক্ষিণ আফ্রিকা আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারিতেই থাকায় র‌্যাঙ্কিং থেকে কার্যত শীর্ষ নয়টি দল সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাচ্ছে।

আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের অবস্থানও কার্যত নিরাপদ হয়ে যায়। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর হিসাব অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। বাংলাদেশের সামনে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার পথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সামনে অবশ্য ৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে ওই দুই ম্যাচে জিতলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপে যাওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারবে না তারা। ফলে তাদের বাছাইপর্বে খেলা এখন নিশ্চিত।

বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নেওয়ায় বাংলাদেশের জন্য এখন প্রস্তুতির সময় আরও বাড়ল। অন্যদিকে একসময় ওয়ানডে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে আবারও বাছাইপর্বের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে নামতে হওয়া ক্যারিবীয় ক্রিকেটের সাম্প্রতিক অবনতিরই বড় প্রতিচ্ছবি হয়ে থাকছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ