এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। পুরুষদের টি-টোয়েন্টি ইভেন্টে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। পুরুষ বিভাগে অংশ নেবে ১০টি দল। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউটে খেলবে। বাকি ছয় দল—আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান—প্রথম রাউন্ডে দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে উঠে শীর্ষ চার দলের সঙ্গে যোগ দেবে।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।
পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত।
অন্যদিকে নারী বিভাগে অংশ নেবে আটটি দল এবং প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ড্র অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতেছিল। এবারও পদকের লড়াইয়ে ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।
মতামত দিন