বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি স্বাক্ষর
সৌদি আরবের সাথে ২০২৫ সালের হজ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন।
এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করবেন। এরমধ্যে ৮১ হাজার ৯০০ জন বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে এবং বাকি ৫ হাজার ২০০ জন সরকারিভাবে হজ পালন করবেন।
ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশি হজ এজেন্সিপ্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা এক হাজার থেকে কমিয়ে আনার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা এক হাজার বহাল রেখেছেন।
গত বছরের অক্টোবরে জেদ্দায় দ্বিপাক্ষিক বৈঠকে ধর্ম বিষয়ক উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে এজেন্সিপ্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ করতে অনুরোধ করেছিলেন। তার অনুরোধের জবাবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি এজেন্সি থেকে হজযাত্রীদের ন্যূনতম কোটা কমিয়েছে। চলতি বছর কোটা কমে দুই হাজার থেকে হবে এক হাজার। তবে, পরের বছর ফের এই কোটা হবে দুই হাজার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ধর্ম বিষয়ক সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ বিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির, কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম এবং উপদেষ্টার একান্ত সচিব মো. সাদেক আহমেদসহ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে