৭ দিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রম
সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এই সাত দিনে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচার বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। এ কারণে আগামী ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১মিনিট পর্যন্ত মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট সম্প্রচার বিঘ্ন হতে পারে।
এ ছাড়া ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। উল্লেখ্য, বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে