Views Bangladesh Logo

রাশিয়ার সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক সই বাংলাদেশের

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চলমান ১২তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ঐক্যবদ্ধ সংস্কৃতি ফোরামে এ সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রাশিয়া ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই করা হয়।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প ও সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী উ তিন উ লুইন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।

এ সময় নিতাই রায় চৌধুরী বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নসম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকউৎসব, পাহাড় ও সমতলের নৃগোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমুখী ধারার কথা তুলে ধরেন।

ফোরামের দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর ‘লোকশিল্পীর কারুশিল্পের পুনর্জাগরণ’ শীর্ষক একটি অধিবেশনে মূল বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। সেখানে বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন তিনি।

আগামীকাল বিকেলে ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে। প্রতিনিধিদলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব রয়েছেন।

২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই সংস্কৃতি ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বহুমাত্রিক সংস্কৃতি ও সাংস্কৃতিক কূটনীতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ