রূপপুরের কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে একমত বাংলাদেশ-রাশিয়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রূপপুর প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্মাণকাজ আরও গতিশীল করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তার মানদণ্ড অনুসরণ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জবাবে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ রূপপুর প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং রোসাটমের মহাপরিচালক পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত দিন