দিল্লিতে ভারতীয়দের ভিসা কার্যক্রম শুরু করল বাংলাদেশ
প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে চালু হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি দেখা গেল।
এর আগের দিন বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।
ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে গত ডিসেম্বর মাসে উভয় দেশ ভিসা কার্যক্রম স্থগিত করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা কার্যালয় ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশন ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ রাখার ঘোষণা দেয়।
এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ফল ঘোষণার পর বিকালে টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেন তিনি এবং সমর্থন জানান।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এদিকে বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে। তার এই ঘোষণার একদিন পরই দিল্লিতে ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু করল বাংলাদেশ হাই কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে