ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
নতুন তিনজনের মৃত্যু নিয়ে জুলাই মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে এ রোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু জুন মাসেই সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম আট দিনে মোট ১ হাজার ৪৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৭৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
মতামত দিন