Views Bangladesh Logo

বাংলাদেশে প্রতি ১০ জন নারীর ৭ জনই সঙ্গীর হাতে নির্যাতনের শিকার: জরিপ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে সঙ্গীর হাতে নারী নির্যাতনের চিত্র উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সরকারি তিনটি জরিপের তথ্য বলছে, দেশে প্রতি ১০ জন নারীর ৭ জনই জীবনে কোনো না কোনো সময়ে সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

ডব্লিউএইচওর ২০২৫ সালের তথ্য অনুযায়ী, স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক ও যৌন সহিংসতার হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১তম। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান এগিয়ে, বাংলাদেশ দ্বিতীয়। সংস্থাটির তথ্যে আরও দেখা গেছে, দেশে প্রতি দুজন নারীর একজন এই ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘নারী নির্যাতন জরিপ ২০২৪'’-এ দেখা গেছে, ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের ৭০ শতাংশ জীবনে অন্তত একবার সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৬.৭ শতাংশ, যৌন নির্যাতন ২৮.৫ শতাংশ, মানসিক নির্যাতন ৩২.৭ শতাংশ এবং সঙ্গীর নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন ৫০.১ শতাংশ নারী।

বিভাগভিত্তিক তথ্যে সবচেয়ে খারাপ অবস্থা বরিশালে— সেখানে ৮২ শতাংশ নারী সঙ্গীর হাতে নির্যাতনের শিকার। খুলনায় ৮১ শতাংশ, ঢাকা ও সিলেটে ৭৩ শতাংশ।

বিবিএসের ২০১১, ২০১৫ ও ২০২৪ সালের তিনটি জাতীয় জরিপ তুলনা করলে দেখা যায়, দুই দশকে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সামান্য উন্নতি হলেও এখনো অর্ধেকের বেশি নারী শারীরিক, যৌন বা মানসিক সহিংসতার অভিজ্ঞতা বহন করছেন।

নির্যাতনের শিকার হলেও বেশিরভাগ নারী মুখ খোলেন না। জরিপে দেখা গেছে, নির্যাতিত নারীদের ৬৪ শতাংশ কাউকে কিছু জানাননি। আইনি সহায়তা নিয়েছেন মাত্র ৭.৪ শতাংশ। ৩৭ শতাংশ মনে করেন, বিষয়টি জানানোর প্রয়োজনই নেই।

বিশেষজ্ঞরা বলছেন, কম শিক্ষা, শৈশবে সহিংসতা দেখা, যৌতুকের চাপ, মাদকাসক্তি এবং অসম পারিবারিক আইন এই পরিস্থিতির পেছনে বড় কারণ। ওইসিডি উন্নয়ন কেন্দ্রের ‘পারিবারিক বৈষম্য’ সূচকে বাংলাদেশের স্কোর ১০০-তে ৮১.৯— যা বিশ্বের সবচেয়ে খারাপ দেশগুলোর একটির অবস্থান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ