বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি দাবি করেন, মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় যাচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম।
মাহদী আমিন বলেন, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গ্যাসের চাপ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস দেয়ার পর এর সুফল পাওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে গ্যাসের চাপ বেড়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন