৭০ বছর ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার
দীর্ঘ ৭০ বছর পর ভারতের দখলে থাকা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল ও বেউরাঝাড়ি সীমান্তবর্তী ৯১ বিঘা বাংলাদেশি জমি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা জমিতে এখন সাদা নিশান টানিয়ে দেয়া হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের (বিজিবি) সুচারু পরিকল্পনা এবং সময়োপযোগী উদ্যোগে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় করে বিজিবি। সেই হিসেবে বাংলাদেশ-ভারতের সার্ভে বিভাগের যৌথ জরিপের মাধ্যমে জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১৫ বিঘা জমি এবং বেউরাঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ৭৬ বিঘা জমি সর্বমোট (১৫+৭৬) = ৯১ বিঘা ভারতের দখলে থাকা বাংলাদেশের জমি উদ্ধার করা হয়। এরমধ্যে বাংলাদেশের অনুকূলে প্রাপ্ত জমির মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান ও ৩ বিঘা নদীর চর রয়েছে।
সীমান্তরক্ষী বাহিনীটি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে আগে থেকেই নিশ্চিত ছিল জমিগুলো বাংলাদেশের। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জমিগুলো বাংলাদেশের বলে বিজিবির পক্ষ হতে জোরালো দাবি করা হয়। পরে নিয়ম অনুসারে উভয় দেশের সমন্বয়ে জমি উদ্ধারে সফল হয় বিজিবি।
বিজিবির প্রেস রিলিজ সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া বাংলাদেশি জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তা হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়, জমিগুলো বাংলাদেশের। বালিয়াডাঙ্গী উপজেলার জগদল ও বেউরাঝাড়ি সীমান্তে অবস্থিত। তারই প্রেক্ষিতে ভারতের সঙ্গে কথা বলে আলোচনার জায়গা তৈরি করা হয়। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফের যৌথ জরিপের মাধ্যমে আমরা জমি ফেরত পাই, যা এখন আমাদের দখলে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত খুশির খবর।
এদিকে সরকারের খাস খতিয়ানভুক্ত ৯১ বিঘা জমিতে প্রবেশের অধিকার ফিরে পাওয়ায় সীমান্তবর্তী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে