পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি (পার্বত্য শান্তি চুক্তি) পূর্ণ বাস্তবায়ন এবং আদিবাসীসহ সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ‘আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের’ (ইউএনপিএফআইআই) ২৪তম অধিবেশনে এ বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। অধিবেশনটি ২১ এপ্রিল থেকে ২ মে ২০২৫ পর্যন্ত চলবে।
বক্তব্যে তিনি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে ফোরামকে অবহিত করেন এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভূমি ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরেন, যা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম প্রবিধানের ভিত্তিতে পরিচালিত হয়।
তিনি জানান, পার্বত্য অঞ্চলে সরকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও খেলাধুলাসহ নানা খাতে বিনিয়োগ করছে, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে নেয়া হয়েছে। এ ছাড়া তিনি সংবিধান অনুযায়ী আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
‘আন্তঃজাতিক ও আঞ্চলিক ব্যবস্থায় আদিবাসীদের কর্মসূচি ও অংশগ্রহণে অর্থায়ন’ শীর্ষক এক থিমেটিক আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল আদিবাসী জনগণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে। একইসঙ্গে তারা জাতিসংঘের প্রতিষ্ঠিত নীতিমালা ও প্রক্রিয়া মেনে চলার ওপর জোর দেয়।
বাংলাদেশ প্রতিনিধি দলে ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পার্বত্য ও সমতল অঞ্চলের আদিবাসী জনগণের প্রতিনিধিরা অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে