অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে যুবারা সেমি-ফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ এ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রান করে অলআউট হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। ফর্মে থাকা পাক দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মারুফ। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজউল্লাহকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।
সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইকবাল ইমন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান। সাতে নামা ফারহান ইউসুফ ৩২ রান না করলে ১০০ পেরোনোই মুশকিল হয়ে যেত পাকিস্তানের জন্য। এটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে।
১১৭ রানের জয়ের লক্ষ্যে হেসেখেলেই জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব দল। ষষ্ঠ ওভারে দলীয় ২০ রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। ১৪ বল খেলে তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ১৭ রানে বিদায় নেন দলীয় ২৪ রানে। এর পর ধীর ধীরে হাত খুলেন অধিনায়ক তামিম। শেষপর্যন্ত তার ঝড়ো ফিফটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তামিম। তার বীরত্বপূর্ণ ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার।
অন্যদিকে, একই দিনে দ্বিতীয় সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেছে ভারত। লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় যুবারা। ফাইনালে মুখোমুশি হবে বাংলাদেশ ও ভারত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে