Views Bangladesh Logo

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে লিটন দাসদের কোয়ার্টার ফাইনাল খেলার কথা থাকলেও ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে তা বাতিল করা হয়।

মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে র‍্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে সেমিফাইনালে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকালে গেমস কর্তৃপক্ষ ম্যাচ না হওয়ার বিষয়টি তাদের জানিয়েছে। তাই দলকে স্টেডিয়ামেও যেতে হয়নি।

বৃষ্টির কারণে আগের দিন দুটি কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি সকাল ৯টায় হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে নির্ধারিত সময়ে সেমিফাইনাল আয়োজন নিয়েও শঙ্কা রয়েছে। ম্যাচটি না হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তান জয়ী হবে এবং বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।

এর আগে নারী ক্রিকেটেও একই পরিস্থিতির মুখে পড়েছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে না হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ নারী দল সরাসরি সেমিফাইনালে উঠে যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ