ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ সূচকে দেশের অবস্থান ৮২তম
সার্ফশার্কের বার্ষিক সমীক্ষায় ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ (ডিকিউএল) সূচকে ১২১টি দেশের মধ্যে ৮২ তে অবস্থান করছে বাংলাদেশ। গত সমীক্ষার তুলনায় এবার সূচক থেকে আরও ৬ ধাপ নিচে দেশের অবস্থান নেমে গেছে।
ডিকিউএল সূচকের বার্ষিক সমীক্ষা ৫টি মূল বিষয়কে আমলে নেওয়া হয়। সমীক্ষাটি জাতিসংঘের উন্মুক্ত তথ্যের উৎস, বিশ্বব্যাংক এবং অন্যান্য উৎসের উপর ভিত্তি করে করা হয়। এখানে বিবেচনায় নেওয়া হয় ১২১টি দেশকে। সূচকের ৫টি প্রধান বিষয়ের আলোকে সেরা পারফর্মেন্সের দিক থেকে বাংলাদেশ ৬৫তম স্থানে রয়েছে বলে দাবি করেছে।
সূচক অনুযায়ী, বাংলাদেশের ইন্টারনেটের মান বৈশ্বিক গড় থেকে ৫ শতাংশ কম। ফিক্সড ইন্টারনেট গড়ে ৫৩ এমবিপিএস। যেখানে বিশ্বের সর্বোচ্চ ইন্টারনেট গতি সিঙ্গাপুরে, যা ৩০০ এমবিপিএসের সমান। এদিকে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ধীর স্থির ইন্টারনেট রয়েছে। এখানে গড় ইন্টারনেট গতি ১১ এমবিপিএস।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট গড় ২০ এমবিপিএস। দ্রুততম মোবাইল ইন্টারনেট সংযুক্ত আরব আমিরাতে। এখানে এর গড় পরিমাণ ৩১০ এমবিপিএস। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে ধীর গতির মোবাইল ইন্টারনেট, যা ১০ এমবিপিএস। তবে ভারতের তুলনায় বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ৭৩ শতাংশ ধীর গতির, যেখানে ফিক্সড ব্রডব্যান্ড ৩১ শতাংশ ধীর গতির।
গত বছর থেকে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে ৪১ শতাংশ, যেখানে ফিক্সড ব্রডব্যান্ডের গতি বেড়েছে ২৩ শতাংশ।
সামগ্রিক সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে। ভারতের অবস্থান ৫২তম। তবে পাকিস্তানের অবস্থান ৯৩তম হওয়ায় বাংলাদেশ এর থেকে এগিয়ে। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। এ অঞ্চলে এগিয়ে আছে সিঙ্গাপুর।
ই-সিকিউরিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ ধাপ নেমে বিশ্বে ৮৫তম স্থানে রয়েছে। এই ক্যাটাগরিতেও বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে। ভারতের অবস্থান ৬৫তম। তবে এই ক্যাটাগরিতেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কারণ পাকিস্তানের অবস্থান ১০১ তম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে