Views Bangladesh Logo

পাসপোর্ট সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৯২তম

বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধার বিচারে বাংলাদেশের অবস্থান আরও নিচের দিকে রয়েছে। কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের সর্বশেষ পাসপোর্ট সূচকে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।

আর্টন ক্যাপিটলের তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের মোবিলিটি স্কোর ৬৫। এ স্কোরের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকেরা ১৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ ছাড়া ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশ্বের ১১৫টি গন্তব্যে যেতে বাংলাদেশিদের আগাম ভিসা নিতে হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে। প্রকাশিত তালিকার হিসাবে ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।

২০১৪ সালে আর্টন ক্যাপিটল পাসপোর্ট ইনডেক্স চালু করে। প্রতিষ্ঠানটির সূচকে বিভিন্ন দেশের পাসপোর্টের ভ্রমণসুবিধা, ভিসামুক্ত প্রবেশাধিকার এবং পৌঁছানোর পর ভিসা পাওয়ার সুযোগ বিবেচনা করা হয়। এ ছাড়া স্বল্প সময়ে ইস্যু করা ই-ভিসা ও ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনও সূচকের হিসাবের অন্তর্ভুক্ত।

তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের পদ্ধতি এক নয়। আর্টন ক্যাপিটল তাদের সূচকে গ্লোবাল, ইন্ডিভিজুয়াল ও ওয়েলকামিং নামে পৃথক তিন ধরনের র‍্যাঙ্কিং প্রকাশ করে। ফলে একই দেশের অবস্থান সূচকের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ