Views Bangladesh Logo

স্কোরে সামান্য উন্নতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)–২০২৫ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৪।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান।

টিআই-এর তথ্যমতে, একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে অবস্থান করছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে। ১০০ স্কোরের মধ্যে ২৪ পেয়ে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ১৫০তম, আর দুর্নীতিগ্রস্ত দেশের উচ্চক্রম তালিকায় অবস্থান ১৩তম।

এ বছর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক, যার স্কোর ৮৯। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া—দুই দেশেরই স্কোর ৯।

টিআইবি মনে করছে, বাংলাদেশের স্কোরে এক পয়েন্ট উন্নতির পেছনে জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা সৃষ্টির প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতির প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রে না থাকায় আদতে বাংলাদেশের অবস্থান ও স্কোরে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হয়নি।

সংস্থাটি আরও জানায়, এ বছর কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ তুলনামূলক বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে। বৈশ্বিকভাবে দুর্নীতির প্রবণতা বাড়ছে এবং গণতন্ত্রের কথা বলা দেশগুলোতেও দুর্নীতি ঊর্ধ্বমুখী।

উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ