Views Bangladesh Logo

সুখী দেশের তালিকায় ১১ ধাপ পিছিয়ে ১২৯তম বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম। গত বছরের চেয়ে এবার ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

২০২৩ সালে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম, যা এর আগের বছরের ৯৪তম অবস্থানের চেয়ে ২৪ ধাপ পেছনে। 

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ৯৩, পাকিস্তান ১০৮, মিয়ানমার ১১৮, ভারত ১২৬, শ্রীলঙ্কা ১২৮ ও আফগানিস্তান ১৪৩তম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধু আফগানিস্তানের উপরে। জরিপে মালদ্বীপ ও ভুটানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় তৈরি 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট' থেকে এ তথ্য জানা গেছে। আজ বুধবার (২০ মার্চ) প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী মানুষের দেশ ফিনল্যান্ড।

শীর্ষ ১০-এ আধিপত্য বিস্তার করেছে নরডিক অঞ্চলের দেশগুলো। ফিনল্যান্ডের পাশাপাশি প্রথম পাঁচটি দেশের মধ্যে আছে ডেনমার্ক (২), আইসল্যান্ড (৩) ও সুইডেনের (৪) নাম। এ ছাড়া, সুখী দেশ হিসেবে পাঁচ নম্বরে আছে ইসরায়েলের নাম।

তবে, প্রায় এক দশক আগে থেকে এই প্রতিবেদন প্রকাশ শুরুর পর এবারই প্রথম শীর্ষ ২০ সুখী দেশের তালিকায় নেই যুক্তরাষ্ট্র (২৩) ও জার্মানির (২৪) নাম।

সুখী দেশের এই তালিকা তৈরি করার জন্য তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোতে জরিপ চালানো হয়। জরিপে যেসব বিষয়কে বিবেচনায় নেওয়া হয়, তার মধ্যে আছে একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ