আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ১,৫৭৫ টাকা বৃদ্ধি
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৪২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলংকারের নকশা ও মানভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায়ের সুযোগ নেই।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার নতুন অলংকারের সঙ্গে বিনিময় করলে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
মতামত দিন