Views Bangladesh Logo

ভারত থেকে আসছে রেলের ১৯টি আধুনিক নতুন প্রজন্মের কোচ

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আমদানি করা নতুন প্রজন্মের ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ। বুধবার (১২ আগস্ট) ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য প্রস্তুত করা প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে। এসব কোচে যাত্রীদের জন্য আধুনিক সুবিধার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থায়ও গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিআইবি জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতার ইতিহাসও রয়েছে। ২০১৫-১৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। এরপর ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে সাত ধরনের ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির নতুন অর্ডার দেয়। এবারের ১৯ কোচের রেক সেই অর্ডারেরই প্রথম চালান।

বাংলাদেশ রেলওয়ের প্রয়োজন ও দেশের পরিচালনব্যবস্থা বিবেচনায় নিয়ে প্রথম রেকটি সাজানো হয়েছে। এতে থাকছে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং দুটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ। ভারতে তৈরি হওয়ার পর প্রথম রেকটি দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। পরে নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সেখানে পরীক্ষা ও কারিগরি যাচাই শেষে কোচগুলো যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হবে।

এই কোচগুলো ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানির বড় একটি চুক্তির অংশ। ২০২৪ সালে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে এসব কোচ কেনার চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তির মূল্য প্রায় ৯১৫ কোটি ভারতীয় রুপি। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পুরো চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

নতুন এলএইচবি কোচে যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। থাকছে স্টেইনলেস স্টিলের হাতল ও পাদানি, হেলানো যায় এমন আসন এবং আংশিক খোলা যায় এমন জানালা। শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ফ্যানের পাশাপাশি সমন্বিত সিসিটিভি, যাত্রী সতর্কীকরণ ব্যবস্থা, শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং নামাজের স্থানও রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নতুন কোচ বহরে যুক্ত হওয়ার পর বিভিন্ন রুটে নতুন রেক চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম দফায় পাওয়া কোচগুলো দিয়ে নতুন যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। তবে যাত্রী পরিবহনে নামানোর আগে প্রতিটি কোচের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর কোন রুটে কোন ট্রেন চালু করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলতি বছরের এপ্রিলে সংসদে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ