Views Bangladesh Logo

এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ হকি দল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। আজ বাছাইপর্বের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতেন ফজলে রাব্বি-আশরাফুল ইসলামরা। পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষের তিনটি শট ঠেকিয়ে দলের জয়ের নায়ক হন গোলকিপার বিপ্লব কুজর।

৯ দলের বাছাইপর্বে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি মূল পর্বে উঠেছে। বাকি দুটি স্থানের জন্য চারটি দল নিজেদের মধ্যে লড়ছে। আজকের জয়ে বাছাইয়ে বাংলাদেশ অন্তত ষষ্ঠ হবে, অর্থাৎ এশিয়ান গেমস খেলা নিশ্চিত। বাংলাদেশের পঞ্চম হওয়ারও সুযোগ রয়েছে — আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা।

আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল পর্বে অংশ নেবে মোট ছয়টি দল।

বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা অবশ্য মসৃণ ছিল না। চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুরু করলেও পরের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হেরে বসে দলটি। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশ।

আজকের ম্যাচে পঞ্চম মিনিটে রাকিবুল হাসানের পেনাল্টি কর্নার ও পরের মিনিটে আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ এগিয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে হংকং ব্যবধান কমালে প্রথম কোয়ার্টার শেষে স্কোর ছিল ২-১। তৃতীয় কোয়ার্টারে হংকং সমতায় ফিরলেও আশরাফুলের পেনাল্টি কর্নারে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে দুই দলের মধ্যে একাধিক গোলের পর নির্ধারিত সময় ৪-৪ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বিপ্লব কুজরের বীরত্বে জয় এবং এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট — দুটোই নিশ্চিত করে বাংলাদেশ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ