প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে সদস্য দেশগুলোর প্রস্তাবের ওপর নির্ভর করছে বাংলাদেশের অবস্থান। প্রস্তাব পেলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেলে সংসদের অধিবেশন শুরু হয়।
রুমিন ফারহানা জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে কী সুবিধা হবে এবং বাংলাদেশ এতে যোগ দেবে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টটি তিনটি দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশ এটিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি এখনো সামনে আসেনি। এটি নির্ভর করছে প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর।
তিনি বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয় এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’
মক্কা প্যাক্টের ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, প্যাক্টটি যদি বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করবে। তাঁর ভাষায়, ‘এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে কারও, অন্যান্যদের উদ্বেগের প্রয়োজন নেই।’
মতামত দিন