Views Bangladesh Logo

ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যা, নিখোঁজের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত বাংলাদেশের

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ও মরদেহ উদ্ধারের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।

রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার পরপরই বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করে।

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামি জানায়, তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থার সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখছে।

এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে মায়ামি কনস্যুলেট স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে। তবে টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটও বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে নতুন তথ্য জানার জন্য বাংলাদেশ মিশনগুলো মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি কনস্যুলেট জেনারেল পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ