Views Bangladesh Logo

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা-ভুটানের গ্রুপে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ১৫তম আসর তম আসরকে সামনে রেখে শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে আনুষ্ঠানিকভাবে ড্র অনুষ্ঠিত হয়েছে।

ড্রয়ের ফলাফল অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ঠাঁই পেয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।

সাফভুক্ত সদস্য দেশ সাতটি হলেও ড্রতে স্থান পায়নি নেপাল। মূলত দেশটির ফুটবল ফেডারেশন বর্তমানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার মধ্যে থাকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সাফের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের জন্য টুর্নামেন্টের রাস্তা একেবারেই বন্ধ হয়ে যায়নি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি দেশটির ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠে যায়, তবে তারা টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে চার দলের ভারসাম্য রক্ষায় নেপালকে স্বাগতিক বাংলাদেশের ‘এ’ গ্রুপেই অন্তর্ভুক্ত করা হতে পারে, যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।

আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকার মাটিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই স্বাগতিক বাংলাদেশকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা থাকবে তুঙ্গে।

উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ এককভাবে আয়োজন করেছিল। আর স্বাগতিক হিসেবে দেশের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরেছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ