এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
আসন্ন এশিয়ান গেমসের নারী ফুটবলে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। ড্র অনুযায়ী, ‘সি’ গ্রুপে সাবিনা খাতুনদের প্রতিপক্ষ হয়েছে তিনবারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়া, শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ১২ দলের নারী ফুটবল ইভেন্টের ড্রয়ে বাংলাদেশের গ্রুপ নির্ধারণ করা হয়। এবারের আসরে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে ‘সি’ গ্রুপ।
এশিয়ান গেমসের নারী ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনটি করে স্বর্ণপদক জিতেছে উত্তর কোরিয়া, জাপান ও চীন। সেই উত্তর কোরিয়ার পাশাপাশি নিয়মিত এশিয়ার শীর্ষ দলগুলোর একটি দক্ষিণ কোরিয়াও রয়েছে বাংলাদেশের গ্রুপে।
বাংলাদেশ এর আগে মাত্র একবার এশিয়ান গেমসের নারী ফুটবলে অংশ নিয়েছিল। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। চার দলের গ্রুপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। একটি ম্যাচ ড্র করলেও বাকি দুই ম্যাচে হেরে যায়।
সেই আসরে প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারের পর ভিয়েতনামের বিপক্ষে ৬-১ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে সাবিনারা।
আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি ও নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে কঠিন গ্রুপ পেরিয়ে পরের পর্বে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।
মতামত দিন