বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে জোর
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অনাবিষ্কৃত এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগে জোর দিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীরা।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীতে ‘বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম’-এ বিভিন্ন সম্ভাব্য খাতে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহও প্রকাশ করেন তারা।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফপিসিসিআই) প্রতিনিধিদলের ফোরামে সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্যে এফবিসিসিআই প্রশাসক বলেন, যদিও কয়েক বছর ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ক্রমাগত প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু কৃষি, বস্ত্র, ওষুধ, আইসিটি সহ অনেক সম্ভাবনাময় খাত অনাবিষ্কৃত রয়ে গেছে।
তিনি বলেন, যৌথ উদ্যোগ গ্রহণে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব।
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-কে কাজে লাগানোর ওপরও জোর দেন মো. হাফিজুর রহমান।
প্রধান অতিথির এফপিসিসিআই’র সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে।
‘দুই দেশের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে, বিশেষ করে কৃষি, ওষুধ, চামড়া, যন্ত্রপাতি, রাসায়নিক এবং আইসিটি খাতে। এ বিষয়ে আঞ্চলিক সংযোগের সুবিধাগুলো ব্যবহার করা যেতে পারে’- যোগ করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে