বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে আগ্রহীদের জন্য বিনা খরচে কর্মী নিয়োগের আবেদন আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই নিয়োগ দেবে। এতে ১১২ জন দক্ষ পুরুষ কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার প্রতিষ্ঠান 'ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.'-এর জন্য 'অপারেশনস অ্যাসিস্ট্যান্ট' পদে এসব কর্মী নেওয়া হবে। আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত কর্মীরা মাসে মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন, দিনে আট ঘণ্টা কাজ করতে হবে। ওভারটাইমের সুযোগ থাকছে। নিয়োগদাতা প্রতিষ্ঠান আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধাও দেবে।
আজ সকাল ১০টা থেকে ৮ নভেম্বর (রোববার) বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। বোয়েসেলের নির্ধারিত অনলাইন ঠিকানা https://employee.oep.gov.bd/employee/registration-এ গিয়ে আবেদন জমা দিতে হবে।
বাছাই হবে দুই ধাপে। প্রথম ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জনকে বেছে নেওয়া হবে। এরপর তাঁদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জন নির্বাচিত হবেন।
বোয়েসেল স্পষ্ট করে জানিয়েছে, নিয়োগের কোনো ধাপেই প্রার্থীকে টাকা দিতে হবে না। কেউ অর্থ দাবি করলে তা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দালাল বা অন্য কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতেও সবাইকে বলা হয়েছে।
মতামত দিন