বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে প্রবেশ করল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এবং দেশীয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব আনোয়ার হোসেন এবং রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।
ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বাংলাদেশকে এই নতুন অর্জনের জন্য অভিনন্দন জানান।
এই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্ত হলো।
প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী আগস্ট–সেপ্টেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত ১৬ এপ্রিল ইউনিট–১-এর জন্য জ্বালানি লোডিংয়ের অনুমতি দেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুযায়ী একাধিক নিরাপত্তা পরীক্ষা ও প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই ধাপে পৌঁছায় প্রকল্পটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে