Views Bangladesh Logo

হরমুজ পার হতে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে: রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঢাকাকে তেহরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।

রাষ্ট্রদূত বলেন, ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশই এই কৌশলগত নৌপথ দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন করতে পারবে না। তিনি বলেন, ‘হরমুজ পার হতে অবশ্যই ইরানের বেঁধে দেওয়া নির্দেশনা মানতে হবে।’

বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও জানান।

কোনো বাংলাদেশি জাহাজ ইতোমধ্যে হরমুজ প্রণালি পার হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ-সংক্রান্ত গোপনীয় তথ্য শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই রয়েছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ইরান, কাতার ও ওমানের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা—এ দুটি বিষয় এর প্রধান শর্ত।

জলিল রহিমি আরও বলেন, রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে ইরান তাঁদের সমর্থন করবে।

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথাও বলেন। রাষ্ট্রদূত জানান, যেকোনো সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমান জবাব দেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ