শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ
শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের সর্বশেষ সূচকে যৌথভাবে উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশের অবস্থান ৯৭তম। তবে গত বছরের তুলনায় বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ কমেছে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়।
হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয় কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ওপর ভিত্তি করে। এবারের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সূচক অনুযায়ী, বাংলাদেশি ও উত্তর কোরীয় পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই ৩৫টি দেশ ভ্রমণ করতে পারবেন। গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এ সংখ্যা ছিল ৩৭টি।
গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। ২০২৪ সালে দেশটির অবস্থান ছিল ৯৭তম। এর আগে ২০২০ সালে বাংলাদেশ ছিল ৯৮তম অবস্থানে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।
এবারের সূচকেও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ভ্রমণ করতে পারবেন।
যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এই তিনটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৮৮টি দেশে যেতে পারেন। এর ঠিক পরেই, ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়াই যাওয়ার সুবিধা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ অবস্থানে রয়েছে ১১টি দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন।
পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারবেন। হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ অবস্থানে; তাদের ক্ষেত্রে এ সংখ্যা ১৮৪টি।
১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করার সুবিধা নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া রয়েছে অষ্টম অবস্থানে। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন। নবম অবস্থানে থাকা লিচেনস্টেইন ও লিথুয়ানিয়ার ক্ষেত্রে এই সংখ্যা ১৮১টি।
আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে দশম অবস্থানে। এই দুটি দেশের পাসপোর্টধারীরা ১৮০টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারবেন।
যৌথভাবে ১৬তম অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৬৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।
যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার অবস্থান যথাক্রমে ৩১তম ও ৪২তম। ইউক্রেনের পাসপোর্টধারীরা ১৪২টি দেশে এবং রাশিয়ার পাসপোর্টধারীরা ১১৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
ইসরায়েল রয়েছে ১৮তম অবস্থানে। ১৬৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন দেশটির পাসপোর্টধারীরা। ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম অবস্থানে রয়েছে। দেশ দুটির পাসপোর্টধারীরা ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারবেন।
সৌদি আরবের অবস্থান ৫৪তম। যৌথভাবে ৬০তম অবস্থানে রয়েছে চীন ও কসোভো। ভিসা ছাড়াই ৮৩টি দেশ ভ্রমণ করতে পারবেন চীনের পাসপোর্টধারীরা। হাইতি ও ভিয়েতনামের অবস্থান ৮৭তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। বৈশ্বিক সূচকে দেশটির অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা ৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারবেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এরপর রয়েছে ভারত। দেশটির অবস্থান ৮১তম এবং ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫৫টি দেশে যাওয়ার সুযোগ পাবেন।
ভুটানের অবস্থান ৮৮তম। আগাম ভিসা ছাড়াই ৪৭টি দেশে যেতে পারবেন দেশটির পাসপোর্টধারীরা। মিয়ানমার রয়েছে ৯১তম অবস্থানে; ভিসা ছাড়াই ৪৩টি দেশে যাওয়ার সুযোগ পাবেন দেশটির পাসপোর্টধারীরা।
শ্রীলঙ্কার অবস্থান ৯৪তম। আগাম ভিসা ছাড়াই ৩৯টি দেশে যাওয়ার সুযোগ পাবেন দেশটির পাসপোর্টধারীরা।
বাংলাদেশের পরে ৯৮তম স্থানে রয়েছে নেপাল। দেশটির পাসপোর্টধারীরা ৩৪টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারবেন। পাকিস্তানের অবস্থান ১০১তম এবং দেশটির পাসপোর্টধারীরা ২৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন।
তালিকার নিচের দিকে পাকিস্তানের পর ১০২তম স্থানে ইরাক এবং ১০৩তম স্থানে রয়েছে সিরিয়া। আগাম ভিসা ছাড়াই ২৮টি ও ২৫টি দেশে যেতে পারবেন এই দুটি দেশের পাসপোর্টধারীরা।
সূচকের সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। ১০৪তম অবস্থানে থাকা দেশটির পাসপোর্টধারীরা ২২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
মতামত দিন