Views Bangladesh Logo

৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে পদক বাংলাদেশের

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে আবারও পদক নিশ্চিত হলো বাংলাদেশের। উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনাল নিশ্চিত করে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার।

নাগোয়ার এশিয়ান গেমসে আজ মেয়েদের ৫২ কেজি ফাইট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেন জিন্নাত। সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ইন্দোনেশিয়ার প্রতিযোগী ডিসকোয়ালিফাইড হন। ফলে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে যান জিন্নাত।

সেমিফাইনালে উঠলেই কেন পদক নিশ্চিত হয়, তার ব্যাখ্যাও আছে উশুর নিয়মে। এই ইভেন্টে প্রতিযোগী ছিলেন ১৫ জন। ছয়জনের বেশি প্রতিযোগী থাকলে সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীকেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফলে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গেই জিন্নাতের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এসেছিল ১৯৮৬ সালের সিউল আসরে। বক্সিংয়ের লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। এরপর কাবাডি ও ক্রিকেটে দলীয় ইভেন্টে বাংলাদেশ পদক পেলেও ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি।

দীর্ঘ চার দশক পর সেই অপেক্ষার অবসান ঘটালেন জিন্নাত। ঘরোয়া পর্যায়েও জিন্নাতের রয়েছে ধারাবাহিক সাফল্য। ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা সাতবার সোনা জিতেছেন নেত্রকোনার এই উশু খেলোয়াড়। এবার এশিয়ান গেমসের মতো বড় আন্তর্জাতিক আসরে নিজের অভিষেকেই নিশ্চিত করলেন পদক।

তবে ব্রোঞ্জেই থামতে চান না জিন্নাত। আগামীকাল সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ চীনের একজন প্রতিযোগী। সেই লড়াইয়ে জিতলে ফাইনালে উঠে রুপা নিশ্চিত করার সুযোগ থাকবে। ফাইনালে জিততে পারলে চার দশক পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের রং হবে সোনালি।

এশিয়ান গেমসে এবার বাংলাদেশের একাধিক ডিসিপ্লিনে পদকের আশা ছিল। ক্রিকেটে মেয়েদের দল ব্রোঞ্জের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে খালি হাতে ফিরেছে। কাবাডিতেও চলছে পদকের লড়াই। এর মধ্যেই উশু থেকে এল নিশ্চিত পদকের খবর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ