বাংলাদেশ–মাল্টা সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
বাংলাদেশ ও মাল্টা পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দুই দেশের প্রতিনিধি। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার হাইকমিশনার রুবেন গাউসির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সাক্ষাতে হাইকমিশনার রুবেন গাউসি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের আমলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
উভয়পক্ষ পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ভিসা সেবা সম্প্রসারণে মাল্টার প্রশংসা করেন।
সাক্ষাতের সময়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক রাজনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এছাড়া প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য মাল্টার সমর্থন কামনা করেন।
উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারের ওপর মতবিনিময় করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে