ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র দ্য ডিফিকাল্ট ব্রাইড মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে এটি ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
রুবাইয়াত হোসেন প্রায় দুই দশক ধরে সিনেমাটির গল্প নিয়ে কাজ করেছেন। ২০০৬ সালে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন। চিত্রনাট্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক তহবিলও পেয়েছে প্রকল্পটি।
আগামী ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হবে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৭২০ ডিগ্রিজ ভেনিস উৎসবে নির্বাচিত হয়েছিল, তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এবারই প্রথম বাংলাদেশ প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করছে।
ভেনিসে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, দেশের সিনেমা দিয়ে এমন মর্যাদাপূর্ণ উৎসবে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য গর্বের এবং এটি তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে।
দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর গল্পে এক তরুণীর জীবন উঠে এসেছে, যার স্বপ্ন জাঁকজমকপূর্ণ বিয়ে। কিন্তু একটি জটিল রোগে আক্রান্ত হওয়ার পর সে সুস্থতার জন্য নানা ঘরোয়া উপায় অনুসরণ করে। ফল না পেয়ে মানসিক চাপে ভুগতে শুরু করলে একদিন একটি বিউটি পারলারে গিয়ে লম্বা চুলের এক রহস্যময় নারীকে কল্পনায় দেখতে শুরু করে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীও।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। প্রযোজনায় রুবাইয়াত হোসেনের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের একাধিক আন্তর্জাতিক প্রযোজক, যা চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরেছে।
মতামত দিন