Views Bangladesh Logo

সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘ইউনিক’: শামা ওবায়েদ

বাংলাদেশের সঙ্গে প্রতিটি দেশের সম্পর্কই স্বতন্ত্র বা ‘ইউনিক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কে তৃতীয় কোনো পক্ষের মাথা ঘামানোর সুযোগ নেই—এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া কী।

জবাবে শামা ওবায়েদ বলেন, প্রতিটি দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক স্বতন্ত্র, এবং চীনের সঙ্গে সম্পর্ক থাকবে, পাশাপাশি সব দেশের সঙ্গেই সম্পর্ক থাকবে। একটি দেশের সঙ্গে সম্পর্ক ভালো হলে অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে—এমনটা মনে করেন না তিনি। সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সফর বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই সফরের পর চীনা বিনিয়োগ আরও বাড়বে এবং নতুন বিনিয়োগ আসবে বলে আশা করছে সরকার। চীন সরকারের পক্ষ থেকে দেওয়া ‘টু প্লাস টু’ বৈঠক ও ইকোনমিক করিডোরের প্রস্তাবগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি।

বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হলেই এসব প্রস্তাব বাস্তবায়িত হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে এবং দেশের বা দেশের মানুষের জন্য উপকারী হলেই সরকার তা বিবেচনায় নেবে।

চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে ‘টু প্লাস টু’ ম্যাকানিজম নিয়ে আলোচনা হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই প্রস্তাব সরকার বিবেচনায় নিয়েছে এবং প্রয়োজনে এ নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হবে।

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এগিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছে বেইজিং, এবং আগে যেখানে সমীক্ষা থেমে গিয়েছিল, সেখান থেকেই তা এগিয়ে নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এই সমীক্ষা এখনও সম্পূর্ণ না হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শুরু হওয়ার আগে বা পরে কোনো সময়েই এতে অগ্রগতি হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পর তারা চীন সফরে গেছেন এবং সফরের পর থেমে থাকা সমীক্ষা আবার এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

সমীক্ষার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে চীন সম্মত হয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিস্তার বাইরে দেশজুড়ে নদী ব্যবস্থাপনার যে সমস্যা রয়েছে, তাতেও সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন বলে জানান তিনি।

মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন ইকোনমিক করিডোর নিয়ে করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সরকার তা পর্যালোচনা করছে।

যোগাযোগ সহজ হলে বাণিজ্য ও অর্থনীতি আরও সম্প্রসারিত হবে বলে মন্তব্য করে তিনি জানান, এ বিষয়ে কোনো জটিলতা বা সমস্যা আছে কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া এখনও চলমান
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ায় নতুন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতির চলতি বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক এই প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, নতুন কোনো তথ্য নেই এবং প্রক্রিয়াটি এখনও চলমান। এত অন্যায় ও অপরাধ করে অন্য দেশে অবস্থানরত একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার বিষয়টি দেশের জনগণেরও চাওয়া বলে মন্তব্য করেন তিনি এবং জানান, সেই লক্ষ্যেই কাজ চলছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ