Views Bangladesh Logo

৭ বছর পর ভারতের কাছে হারল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত দুই আসরে ভারতকে হারিয়ে আসা বাংলাদেশ এবার ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। ২০১৯ সালের পর এই প্রথম ভারতের কাছে হারল পিটার বাটলারের দল। হারের ফলে 'বি' গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে ৩ জুন তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী নেপালের।

গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশকে ভোগান্তিতে ফেলে নিজেদের দুর্বলতা। মাত্র দেড় মিনিটে ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন। বিপরীতে ভারত বাংলাদেশের রক্ষণের ভুলের সর্বোচ্চ সুবিধা নেয়। ৩৬ মিনিটে ডিফেন্ডার কোহাতি কিসকুর ভুল ক্লিয়ারেন্স থেকে প্রথম গোল করেন পেয়ারি সাসা। ৭৮ মিনিটে বক্সে অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি ফরোয়ার্ড লিন্ডা কম। যোগ করা সময়ে অরক্ষিত মালবিকার শটে তৃতীয় গোল হলে পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচে আক্রমণভাগের ফিনিশিংয়ের দুর্বলতা ও রক্ষণের অমনোযোগ স্পষ্ট হয়ে ওঠে। মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়ররা বেশ কয়েকবার বল বক্সে পাঠালেও সেখানে পজিশন নেওয়ার মতো কোনো ফরোয়ার্ড ছিলেন না। সেমিফাইনালে নেপালের মুখোমুখি হওয়ার আগে কোচ বাটলারকে এই দুর্বলতাগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে।

দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে নেপাল। ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটানের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ