ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। আজকের ফাইনালে ভারত ৪–০ গোলে বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচের প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। উল্টো এই অর্ধে আরও তিনটি গোল হজম করে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে ১৮ গোল করলেও নিজেদের জালে কোনো গোল হজম করেনি তারা। এমনকি গ্রুপ পর্বে ভারতকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে সেই ছন্দ ও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি কোচ বাটলারের দল।
ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে আনমার্কড অবস্থায় থাকা ভারতীয় অধিনায়ক সহজেই গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে ভারতের একটি লং বল ধরতে গিয়ে গোলরক্ষক ইয়ারজান ব্যর্থ হন। পরবর্তীতে ফরোয়ার্ডের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যা থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত।
এর কিছুক্ষণ পর প্রতীমার ব্যাকপাস থেকে শট নিতে গিয়ে আবারও ভুল করেন ইয়ারজান। তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীরে লেগে পড়ে গেলে সুযোগ কাজে লাগিয়ে আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ম্যাচের ৮৩ মিনিটে ডিফেন্সের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।
পুরো ম্যাচজুড়েই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে ভারত। বিপরীতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া, বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষণের ভুলে বড় ব্যবধানে হারতে হয় দলটিকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে