Views Bangladesh Logo

এক গোলে সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শুরুর দিকে দাপট দেখালেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। একমাত্র গোল হজম করেই সিঙ্গাপুরের কাছে হার মেনে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করেছে হাভিয়ের কাবরেরার দল।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে ৩১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে দ্রুত পাল্টা আক্রমণে কুয়েহর জোরালো শটটি গোলরক্ষক মিতুল মারমা ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে ইখসান ফান্দি সেটি বাড়িয়ে দেন হারিস স্টুয়ার্টের কাছে, আর তিনি নিখুঁত শটে জালে বল পাঠান।

ম্যাচের শুরুতে, বিশেষ করে প্রথম ১৫ মিনিটে, বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। সামিত সোমের একটি হেড কাছাকাছি গেলেও গোল আসেনি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে একাধিক পরিবর্তন আনেন কোচ কাবরেরা। ৬১ মিনিটে শাহরিয়ার ইমনকে নামানো হয়, পরে বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে নামানো হলেও আক্রমণে ধার বাড়েনি।

৭৯তম মিনিটে সামিত সোমের নেওয়া ফ্রি-কিক ছিল বাংলাদেশের অন্যতম সেরা সুযোগ, কিন্তু সেটিও সহজে প্রতিহত করে সিঙ্গাপুরের গোলরক্ষক। ফলে আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।

শেষ পর্যন্ত প্রথমার্ধের সেই একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ৬ ম্যাচে ১ জয়, ২ ড্র ও ৩ হারে মোট ৫ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করেছে। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি ছিল মূলত নিয়মরক্ষার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ