ভলিবলের বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
পাকিস্তানের ইসলামাবাদে চলমান সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) পুরুষ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ভলিবলে বড় অগ্রগতি করেছে বাংলাদেশ।
সেমিফাইনালে মঙ্গলবার উজবেকিস্তানকে টানা ৩-০ সেটে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি)–এর সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৪৮তম স্থান থেকে একলাফে ৭৫তম স্থানে উঠে এসেছে। অর্থাৎ একসঙ্গে ৭৩ ধাপ উন্নতি করেছে লাল-সবুজের দল।
টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচটি ম্যাচ জিতেছে। লিগ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পর সেমিফাইনালেও উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। একমাত্র হার এসেছে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
ফাইনালে বুধবার আবারও স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লিগ পর্বের সেই হার শোধ করে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে হরষিত বিশ্বাসদের দল।
বাংলাদেশ এর আগে ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত কাভা চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে হারিয়ে একবার শিরোপা জিতেছিল। এবারও সেই সাফল্য পুনরাবৃত্তির সুযোগ তৈরি হয়েছে।
মতামত দিন