বাংলাদেশে প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম চালু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিসিএল এমভিএনওর লাইভ পাইলট পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বর্তমানে এই সেবার আওতায় তিনটি প্রধান সুবিধা দেওয়া হচ্ছে—আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা এবং কোয়াড-প্লে সুবিধা। খুব শিগগিরই এই সিমটি সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ ফেব্রুয়ারি, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সচল হয়েছে। ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ, জিপন ইন্টিগ্রেশন—এ চারটি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। কল টেস্টও সফল হয়েছে।”
তিনি আরও জানান, বিটিসিএল গুলিস্তান/রমনা কার্যালয়ে সরেজমিন প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং টেস্ট কল পর্যবেক্ষণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে এমভিএনও সেবার লাইভ পাইলট শুরু হবে এবং ট্রিপল প্লে সেবা নিয়েও কাজ চলছে, যা একসঙ্গে চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিটিসিএল প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সেবার মাধ্যমে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এটি ডিজিটাল কানেক্টিভিটি এবং সেবা উদ্ভাবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ইন্টারনেট এবং অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’ উপভোগ করতে পারবেন। এর সঙ্গে যোগ হবে জিপন কানেকশন, রাউটারসহ আনলিমিটেড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম টফি। এছাড়া, আনলিমিটেড ভয়েস, ডেটা, ব্রডব্যান্ড এবং ডিজিটাল কনটেন্টকে একীভূত করে কোয়াড-প্লে সেবা প্রদান করা হবে।
প্রাথমিক পর্যায়ে বিটিসিএল টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা চালু করছে। গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহক সেবায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে