Views Bangladesh Logo

এডিবি ও জিএসএমএ ইন্টেলিজেন্সের যৌথ গবেষণা

দক্ষতার অভাব ও ব্যয়ের চাপে ডিজিটাল সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেটের বিস্তার বাড়লেও ডিজিটাল সেবার ব্যবহার ও দক্ষতায় দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

ডিজিটাল সাক্ষরতার অভাব, স্মার্টফোনের উচ্চমূল্য, ইন্টারনেট ব্যয় এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর সীমিত অংশগ্রহণ দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। টেলিযোগাযোগ খাতের কর ও স্পেকট্রাম ব্যয়ও এ ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জিএসএমএ ইন্টেলিজেন্সের যৌথ গবেষণা প্রতিবেদন ‘ক্লোজিং দ্য মোবাইল কানেক্টিভিটি গ্যাপ ইন ডেভেলপিং এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’-এ এসব তথ্য উঠে এসেছে।

২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪২টি দেশের মোবাইল ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সেবার ব্যবহার, বৈষম্য এবং টেলিযোগাযোগ খাতের বিনিয়োগ ও নীতিগত চ্যালেঞ্জ বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনের ডিজিটালাইজেশন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও মালদ্বীপ রয়েছে ‘ট্রানজিশনিং’ পর্যায়ে। বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে ‘ইমার্জিং’ পর্যায়ে। আর আফগানিস্তান রয়েছে সবচেয়ে প্রাথমিক ‘নাসেন্ট’ পর্যায়ে।

মোবাইল কানেক্টিভিটি ইনডেক্সে (এমসিআই) বাংলাদেশের স্কোর বাড়লেও প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় অগ্রগতির গতি কম। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের স্কোর বেড়েছে ৭ দশমিক ৪ পয়েন্ট। একই সময়ে পাকিস্তানের ১০ দশমিক ৭, ভারতের ৮ দশমিক ৯, নেপালের ৭ দশমিক ৭ এবং শ্রীলঙ্কার ৫ দশমিক ১ পয়েন্ট বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকা মানেই ইন্টারনেট ব্যবহার করা নয়। উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯৮ শতাংশ মানুষ ফোরজি নেটওয়ার্কের আওতায় থাকলেও প্রায় ১১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না।

২০২৫ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার ৭১ শতাংশ, অর্থাৎ প্রায় ৩১০ কোটি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেছেন। অন্যদিকে ২৭ শতাংশ মানুষ নেটওয়ার্কের আওতায় থেকেও ইন্টারনেট ব্যবহার করেননি। এ ছাড়া প্রায় ১০ কোটি মানুষ এখনো মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের বাইরে রয়েছেন।

বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার না করার অন্যতম প্রধান কারণ হিসেবে সাক্ষরতা ও পড়ার সক্ষমতার ঘাটতিকে চিহ্নিত করেছে প্রতিবেদনটি। মোবাইল ইন্টারনেট সম্পর্কে জানেন, কিন্তু ব্যবহার করেন না, এমন প্রাপ্তবয়স্কদের ২৬ শতাংশ এ সমস্যাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন। ভারতে এ হার ১৭ শতাংশ এবং পাকিস্তানে ৩২ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের পথে বাধা হিসেবে হ্যান্ডসেটের উচ্চমূল্যের কথা বলেছেন ১০ শতাংশ উত্তরদাতা। সময়ের অভাবের কথা বলেছেন ৮ শতাংশ, পরিবারের অসম্মতির কথা ৭ শতাংশ এবং মোবাইল ডিভাইস ব্যবহারের জটিলতার কথা ৭ শতাংশ। ইন্টারনেট ডাটার খরচ ও বাংলা ভাষায় পর্যাপ্ত কনটেন্টের অভাবকে বাধা হিসেবে উল্লেখ করেছেন ৬ শতাংশ করে উত্তরদাতা।

ইন্টারনেটের প্রয়োজনীয়তা অনুভব না করা, ক্ষতিকর কনটেন্টের আশঙ্কা এবং স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে উদ্বেগের কথা বলেছেন ৫ শতাংশ করে উত্তরদাতা। আর অনলাইন প্রতারণার ভয়ের কথা জানিয়েছেন ২ শতাংশ।

বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার এখনো মূলত যোগাযোগ ও বিনোদনকেন্দ্রিক। ২০২৫ সালের ভোক্তা জরিপ অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ ব্যবহারকারী ভিডিও কলের জন্য ইন্টারনেট ব্যবহার করেন। অনলাইন কল ও ভিডিও দেখার হার ৭৯ শতাংশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন ৭৪ শতাংশ এবং অনলাইন বিনোদনে যুক্ত রয়েছেন ৭৩ শতাংশ। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের হার ৭০ শতাংশ।

তবে তথ্য অনুসন্ধান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো উৎপাদনশীল কাজে ইন্টারনেট ব্যবহারের হার তুলনামূলক কম। জরিপে অংশ নেওয়া ব্যবহারকারীদের ৪৪ শতাংশ অনলাইনে তথ্য খোঁজেন, ৩৭ শতাংশ সংবাদ পড়েন এবং ৩২ শতাংশ চাকরি বা ব্যবসাসংক্রান্ত তথ্য অনুসন্ধান করেন। কৃষিসংক্রান্ত তথ্য খোঁজেন ৩১ শতাংশ, পণ্য বা সেবা অর্ডার করেন ২৯ শতাংশ এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করেন ২৯ শতাংশ। শিক্ষা ও অনলাইন শিক্ষার ক্ষেত্রে এ হার মাত্র ২৫ শতাংশ।

ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান তুলনামূলক পিছিয়ে। দেশের ৫০ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী অনলাইন ব্যাংকিং বা মোবাইল মানি সেবা ব্যবহার করেন। ভারতে এ হার ৫৬ শতাংশ।

সরকারি সেবা গ্রহণেও ব্যবধান স্পষ্ট। বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মাত্র ১৭ শতাংশ মাসে অন্তত একবার অনলাইনে সরকারি সেবা গ্রহণ করেন। ভারতে এ হার ৩৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ২৯ শতাংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ